সংবাদ সম্মেলনে অভিযোগ

পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৩৬ এএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার তার নির্বাচনী কার্যালয়ে সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়া সিকদার বলেন, গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে তার (কিবরিয়া) সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় তার ২০ জন কর্মী-সমর্থক আহত হন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন মনিরের সমর্থকরা। তিনি অভিযোগ করেন, এখনো তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকরা ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক জুয়েল, হামলায় আহত রফিকুল ইসলাম লালন, রুবেল হাওলাদার প্রমুখ।

বিজয়ী চেয়ারম্যান এমাদুল হক মনির বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি অতিউৎসাহীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’ কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ‘পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। তাদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত