মাদারীপুরের শিবচরে অগ্নিকান্ডে একটি খামারের ১৩টি গরু ও পাশের মুরগির খামারের ২ হাজার ৫০০ মুরগি পুড়ে মারা গেছে।
গতকাল বুধবার ভোর ৫টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির খামারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে এলাকাবাসী ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে বিষয়টি নাশকতা কি না, তাও খতিয়ে দেখার ব্যাপারে প্রশাসনের কাছে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, ভোরে খামারে প্রথমে অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৩টি গরু পুড়ে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারের ২ হাজার ৫০০ মুরগি মারা যায়।
খামারের মালিক মিলন মুন্সি বলেন, ‘গত বছর গরুগুলো কিনেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য এগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্টে তিল তিল করে গরুগুলো লালনপালন করেছি। কিছুটা লাভের আশায় গরুগুলো লালনপালন করেছি। আজ বিভিন্ন গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকান্ডে খামারের ১৩ গরু ও পাশের ২ হাজার ৫০০ মুরগির মারা যায়।’
উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সি জানান, খামারে অগ্নিকান্ডের ঘটনায় ১৩ গরু পুড়ে মারা গেছে। এ ছাড়া খামারের মুরগি পুড়ে মারা গেছে। বিষয়টি নাশকতা না দুর্ঘটনা স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
