ওয়েম্বলির সেই রোমাঞ্চকর রাতটা এখনো চোখে ভাসে। দোমেনিকো বেরার্দির শটটা পিকফোর্ডকে কোনো সুযোগ না দিয়ে জড়িয়ে গেল জালে। স্বাগতিক ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো শিরোপা নিজেদের করে নিল মানচিনির অদম্য ইতালি। ২০২১ সালের ১২ জুলাইয়ের রাতটা ইতালিয়ানদের জন্য এসেছিল একরাশ আনন্দের উপলক্ষ হয়ে। এর পরের সময়টা ইতালি চাইবে ভুলে যেতে। ২০২২-এর ২ মার্চ রাতে তারা বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বসে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ স্বপ্ন শেষ হয় ইতালির। সেই দুঃসময়টা বয়ে বেড়াচ্ছে তারা এখনো। তাই তো আরেকটি ইউরো যখন কড়া নাড়ছে, তখন শিরোপা জয়ের প্রশ্নে বর্তমান চ্যাম্পিয়নদের নামই নিচ্ছেন না ফুটবলপ্রেমীরা। আজ জার্মানিতে শুরু ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরের শিরোপা দৌড়ে স্বাগতিক জার্মানির সঙ্গে উচ্চারিত হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের নাম।
শুরুর দিনেই মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। যদিও সর্বশেষ তারা শিরোপা জিতেছিল ১৯৯৬ সালে। ২০১৪ বিশ্বকাপ জয়ীদের অবশ্য সময়টা খুব ভালো কাটছে না। শেষ দুটি বৈশ্বিক আসরের গ্রুপপর্ব থেকে বাদ পড়তে হয়েছে তাদের। ইউরোর গত আসরে বিদায় দ্বিতীয়পর্ব থেকে ইংল্যান্ডের কাছে হেরে। ‘এ’ গ্রুপে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আজ তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। নতুন কোচের অধীনে গেল এক দশকের দুঃসময় কাটানোর লক্ষ্যে খেলতে নামবে জার্মানরা। গত বছর অক্টোবরে দলের দায়িত্ব নিয়েছেন হুলিয়ান নাগেলসমান। নিজেদের একমাত্র লক্ষ্যের কথা সোজাসাপটা জানিয়েছেন, ‘আমাদের খুব সাধারণ একটা প্রত্যাশা। আমরা এবার এটা (শিরোপা) জিততে চাই।’ এরপর কোচ যেটা বলেছেন, তাতে রয়েছে বাস্তবতার ছোঁয়া, ‘আমরা সব আসরেই এই লক্ষ্য নিয়ে নামি। তবে এটাও ঠিক, আমরাই যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হব, সেটাও বড় গলায় বলার অবস্থায় এ মুহূর্তে আমরা নেই। আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগুতে হবে।’ নাগেলসমান তার স্কোয়াডটা গড়েছেন অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে। এই দলে ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ম্যানুয়েল নয়্যার, টমাস মুলার, টনি ক্রুসরা যেমন আছেন, তেমনি আছেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজের মতো তরুণ সেনসেশন। স্কটল্যান্ডকে প্রবল পরাশক্তি জার্মানির প্রবল প্রতিপক্ষ বলার সুযোগ নেই। যদিও দলটি ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার এই আসরে খেলছে। আন্ডারডগ স্কটিশদের লক্ষ্যই থাকবে আসরের শুরুতেই একটা বড় অঘটনের জন্ম দেওয়া।
‘এ’ গ্রুপের অপর ম্যাচে কাল হাঙ্গেরির মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এই গ্রুপে জার্মানির পরেই রাখতে হচ্ছে সুইসদের। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে নিয়মিত বলেই তাদের দ্বিতীয়পর্বে যাওয়ার সম্ভাবনা বেশি। যদিও গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে তাদের ১-১-এ রুখে দিয়েছে অস্ট্রিয়া। সেই ধাক্কা সামলে হাঙ্গেরির বিপক্ষে নামতে হবে। হাঙ্গেরি বাছাইয়ের গ্রুপসেরা হয়ে এসেছিল চূড়ান্তপর্বে। তারা ইসরায়েলকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কাল ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও ক্রোয়েশিয়া। তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের জন্যও এই আসর নিজেদের দুঃসময় পেছনে ফেলার। গত আসরে তারা ইতালির কাছে সেমিফাইনালে হেরে যায় টাইব্রেকারে। তার আগের আসরে দ্বিতীয়পর্ব থেকে বিদায় নিতে হয় দলটিকে। ২০০৮ ও ২০১২ আসরের শিরোপাজয়ী স্পেনকে রুখতে প্রস্তুত ২০২২ বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া। গেল আসরে দ্বিতীয়পর্ব থেকে বিদায় নেওয়া ক্রোয়াটদের এই আসরে সেরা প্রাপ্তি দুবার কোয়ার্টার ফাইনালে খেলা।
এদিকে তিন যুগ পর ইউরো আয়োজন নির্বিঘœ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জার্মানি। মাঠের সাফল্যের পাশাপাশি তারা আয়োজন সফল করতে তাদের চেষ্টার শেষ নেই। নিজেদের ফুটবলপ্রেমী ছাড়াও মাসব্যাপী আসরে প্রায় ২.৭ বিলিয়ন ফুটবল পর্যটকের আশা করছে তারা। বড় শহরগুলোতে বিশাল বিশাল ফ্যান জোন বসানো হয়েছে। ২০০৬ বিশ্বকাপ আয়োজনের সময় বার্লিনের ফ্যান জোন পুরো আয়োজনকে বর্ণাঢ্য করে তুলতে বড় ভূমিকা রেখেছিল। তবে এবার স্থানীয়দের মধ্যে ইউরো নিয়ে আগ্রহে খানিকটা ভাটা পড়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও মৌলবাদী সংগঠনের ক্রমাগত হুমকির কারণে। নিরাপত্তা কঠোর করতে বিপুলসংখ্যক পুলিশ কাজ করছে নিরলস। এছাড়া সাইবার অ্যাটাক ঠেকাতেও তারা নিয়ে রেখেছে প্রস্তুতি।
শেষ পর্যন্ত মাঠে খেলা জয় হবে, এই লক্ষ্য নিয়েই আয়োজকদের চেষ্টার শেষ নেই। ১৪ জুলাই বার্লিনে ফাইনালটা ঠিকঠাক হয়ে গেলেই স্বস্তির ঢেকুর তুলতে পারবে জার্মান আয়োজকরা।
২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের জন্য শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পাশাপাশি কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দারুণ একটা বিদায় দেওয়ার মঞ্চ এই আসর। এফ গ্রুপ ফেভারিট পর্তুগালকে দ্বিতীয় ধাপে পৌঁছতে টপকাতে হবে তুরস্ক, জর্জিয়া ও চেক প্রজাতন্ত্রের বাধা। ৩৯ বছরের রোনালদোর জন্য এটাই হতে যাচ্ছে শেষ ইউরো। ষষ্ঠবারের মতো তিনি খেলতে যাচ্ছেন এই আসরে। পর্তুগালকে ফেভারিটের কাতারে রাখা হচ্ছ তাদের কোচ রবার্তো মার্তিনেজের কারণেও। বেলজিয়ামের সাবেক এই কোচ দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন পর্তুগালকে। ২০২৩ সালের শুরুতে দায়িত্ব নিয়ে দারুণভাবে এই কোচ পর্তুগালকে তোলেন ইউরোর চূড়ান্তপর্বে। ৮ জুন ক্রোয়াটদের কাছে তার দল ২-১ গোলে হারলেও আয়ারল্যান্ডকে ১১ জুন ৩-০ তে হারানোর ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরু হবে তাদের এবারের যাত্রা।
ডি গ্রুপের ফেভারিট ফ্রান্স। এই গ্রুপে আরও আছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও পোল্যান্ড। ২০২২ কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে হারের দুঃখ ফরাসিদের দূর হতে পারে ইউরো জয়ের মধ্য দিয়ে। দুবারের শিরোপাধারী ফ্রান্স শেষবার ইউরোপ সেরা হয়েছিল ২০০০ সালে। এবারের আসরে শিরোপার লক্ষ্যে ফরাসিদের প্রাণভ্রমরা কিলিয়েন এমবাপ্পে। দিদিয়ের দেশমের তুরুপের তাস এমবাপ্পেও রেকর্ড বেতনে রিয়াল মাদ্রিদে সম্প্রতি নাম লিখিয়েছেন। দলকে দুই যুগ পর শিরোপা পাইয়ে দিতে তাকেই রাখতে হবে বড় ভূমিকা। গেল আসরে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়া ফরাসিরা তাদের অভিযান শুরু করবে অস্ট্রিয়ার বিপক্ষে ১৭ জুন ম্যাচ দিয়ে। এই গ্রুপে ডাচরা হবে তাদের প্রধান প্রতিপক্ষ।
