গাজীপুরের শ্রীপুরে বাড়ির পুকুরে পাশে হাঁটতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাওরাইদ পশ্চিমপাড়ার মোড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু মোড়লপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে নাসিব হাসান (১০) ও কাওরাইদ সোনাব গ্রামের কালু মিয়ার ছেলে জাহিদ হাসান (১০)। তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল। ঈদের ছুটিতে গত বৃহস্পতিবার তারা বাড়ি আসে।
স্বজনরা জানান, শুক্রবার সকালে নাসিব তার বন্ধু জাহিদকে তাদের বাড়ি আসতে বলে। সকালে তারা দুজনই বাড়ির পাশে পুকুরের পাড়ে হাঁটছিল। এ সময় বৃষ্টিভেজা নরম পুকুরের পাড় ধসে আচমকা একজন পানিতে পড়ে গেলে অন্যজন উদ্ধারে নামে। পরে দুজনই পানিতে ডুবে মারা যায়।
