ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন ও অবসর ভাতা পাওয়ার জন্য অনশনে বসেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত ঠাকুরাগাঁও প্রেস ক্লাব চত্বরে তিনি অনশন করেন। এ সময় বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, ১৯৮৩ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মভিত্তিক সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে প্রথম গাইবান্ধার উপবিভাগীয় প্রকৌশলী পদে যোগদান করেন। এরপর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পর ঠাকুরগাঁওয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে উচ্চতর স্কেলে বেতন-ভাতা আহরণ করেন। পরে ৯৬ সালে হিসাবরক্ষণ কার্যালয় নিরীক্ষাকালে নিরীক্ষা দল তার উচ্চতর স্কেলে বেতন-ভাতা আহরণের ওপর আপত্তি উত্থাপন করে। ২০০০ সালে তার চাকরি রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত হয়। ২০১০ সালের জুন মাসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় থেকে অবসরে যান। পরে দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও তিনি তার বকেয়া বেতন ও অবসর ভাতা আহরণ করতে পারেননি। ১৯৮৩ সালে চাকরিতে যোগদান করলেও কর্তৃপক্ষ ২০০০ সাল থেকে অবসর ভাতা দিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
×
