রেকর্ডে ঠাসা নিউজিল্যান্ড-উগান্ডা ম্যাচ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:৪৪ এএম

নিউজিল্যান্ড ও উগান্ডার বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তার পরও ত্রিনিদাদে ‘সি’ গ্রুপের গুরুত্বহীন এ ম্যাচটি হয়ে উঠেছে রেকর্ডের খনি

৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংসের কীর্তির পাশেও নিজেদের নাম লিখিয়েছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৯ রানের। নিজেদের আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়ে এ কীর্তিতে নেদারল্যান্ডসের সঙ্গী হয় উগান্ডা। ২০১৪ আসরে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা।

২.১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ধীরগতির ইনিংস খেলার পথে উগান্ডা ওভারপ্রতি ২.১৪ রান তুলতে সমর্থ হয়। ৪০ রান তুলতে ১৮.৪ ওভার ব্যাট করে দলটি। আগের সর্বনিম্ন রানরেটও উগান্ডার। উইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে গুটিয়ে যাওয়া ম্যাচে তাদের রান রেট ছিল ৩.২৫।

৯/৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে সংগৃহীত সর্বনিম্ন সংগ্রহ। ২০১৪ আসরে মিরপুরে উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ১৩/৪ ছিল আগের সর্বনিম্ন।

৮৮

কিউইরা ৪১ রানের লক্ষ্য ছোঁয় ৮৮ বল বাকি রেখে। বলের হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় সর্বোচ্চ জয়ের ব্যবধান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ।

১০

উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল এদিন ২০ বল খেলে করেন ২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ১০ স্ট্রাইক রেটই সর্বনিম্ন। এর পরেই আছেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। তিনি ২০ বল খেলে ১৫ স্ট্রাইক রেটে ৩ রানে অপরাজিত ছিলেন।

৪/৩

৪ ওভারের স্পেলে মাত্র ৪ রানে ৩ উইকেট শিকার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কমখরুচে বোলিং নৈপুণ্যের কীর্তি গড়লেন টিম সাউদি। উগান্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগা এবারই পিএনজির বিপক্ষে ৪ রান দিলেও উইকেট নিয়েছিলেন ২টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত