গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:৫২ এএম

গাজীপুরে ছিনতাইকালে গার্মেন্টস কর্মী রুবিয়া খাতুনকে হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নাঈম ইসলাম (২৩) ও রাকিবুল ইসলাম (২৩)।  গতকাল শনিবার সকালে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) কার্যালয়ে এক প্রেস-ব্রিফিংয়ে এ কথা জানান উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মুহাম্মদ কামাল হোসেন।

তিনি জানান, গাজীপুরের শেনন সোয়েটার্স লিমিটেডের মহিলা শ্রমিক রুবিয়া খাতুন (২৫) গত ১২ জুন বুধবার রাত সোয়া ৮টার সময় কারখানা ছুটি শেষে অটোরিকশাযোগে নাওজোর থেকে তার ভাড়া বাসা কোনাবাড়ী থানার পারিজাত এলাকায় যাচ্ছিলেন। তার সঙ্গে আরও তিনজন যাত্রী ছিল। অটোরিকশাটি বাইমাইল ব্রিজের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে পূর্ব থেকে ফলো করা একটি মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে। ছিনতাইকারীরা ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার সময় রুবিয়া খাতুন তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোনটি দিতে না চাইলে গ্রেপ্তারকৃত আসামিদ্বয় তাকে উপর্যুপুরি পেটে ও ঘাড়ে ছুরিকাঘাতে হত্যা করে রক্তাক্ত অবস্থায় ফেলে ব্যাগ- মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা হলে জিএমপি কমিশনার মো. মাহবুব আলমের নির্দেশনায় ও উপ-কমিশনার মুহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহ্ আলমের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ও সিসি ফুটেজ পর্যালোচনা করে উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত মো. নাঈম ইসলামকে ময়মনসিংহের নান্দাইল থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মোতাবেক অপর হত্যাকারী মো. রাকিবুল ইসলামকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার নাওজোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা ও ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামিরা চোর ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। হত্যাকান্ডে জড়িত অপর আসামিকে ধরতে গোয়েন্দা পুলিশ তৎপর বলে জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত