চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা বয়কট করেছেন ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। এ নিয়ে পুরো আনোয়ারা উপজেলায় চলছে আলোচনার ঝড়।
গত ১২ জুন শপথ নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথমে মতবিনিময় সভায় ও পরে প্রথম সাধারণ সভায় যোগ দেন উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। এরপর থেকেই দলে দলে মিছিল সহকারে উপজেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মী ও উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা।
উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, বর্তমান ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, নারী ভাইস চেয়ারম্যান চুমকী চৌধুরী।
সভা বয়কটকারী চেয়ারম্যানরা বলেন, ‘উপজেলা নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। এতে করে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর ওপর হামলা করেছে তারা আজ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন উপজেলা চেয়ারম্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। আনোয়ারায় শান্ত পরিবেশ ফিরে না আসা পর্যন্ত আমরা সভায় উপস্থিত হতে পারছি না।’
