ভিজিএফের চাল আত্মসাৎ

ইউপি চেয়ারম্যানসহ দুজনের নামে অভিযোগ দুদকে

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৩৬ এএম

পাবনার সুজানগর উপজেলায় দুঃস্থদের খাদ্য সহায়তার ৬৫ বস্তা চাল বিতরণ না করে ব্যক্তিগত গুদামে মজুদের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও গুদামের মালিক স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। পরে থানা থেকে অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে।

সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা গত ১৮ জুন অভিযোগটি করেন।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নে ২ হাজার ৩১৮টি কার্ডে দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল ঈদের আগেই বিতরণ শেষ করার কথা ছিল। কিন্তু বিপুল পরিমাণ চাল বিতরণ না করে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ইউনিয়নের বোয়ারিয়া বাজারে রফিকুল ইসলামের গুদামে মজুদ রাখেন।

গত ১৬ জুন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ওই গুদামে অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাল জব্দ করেন। এরপর সুজানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল ইসলাম চেয়ারম্যান ও গুদামের মালিকের বিরুদ্ধে সুজানগর থানায় লিখিত অভিযোগ করেন।

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, তারা অভিযোগটি পেয়ে দুদকের পাবনা-সিরাজগঞ্জ সমন্বিত কার্যালয়ে পাঠিয়েছেন। সেখানে মামলা দায়ের হবে।

দুদকের পাবনা-সিরাজগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্তের অনুমতি চেয়ে দুদকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘চাল আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত