বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘বারবার কারা নির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাসানটেক থানা শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে।’ গতকাল শুক্রবার বাদ আসর রাজধানীর ভাসানটেকে মরহুম মাখনের নামাজের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন গোলাম কিবরিয়া মাখন। তার জানাজায় অংশ নেওয়ার পর রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে মাখনের ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারা নির্যাতিত হয়। এ ছাড়াও বার বার গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর। আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল। তার ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল, সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল।’
তিনি বলেন, ‘মাখনের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
