আমতলীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:২৬ এএম

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের জালাল ফকিরের পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার সকালে পুকুরের পাশর্^বর্তী বাড়ির কুদ্দুস হাং নামের এক ব্যক্তি  হাঁস নিয়ে বিলে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষি জালাল ফকিরকে খবর দেন।

জালাল ফকির বলেন, ‘রাতের আঁধারে  দুর্বৃত্তরা আমার পুকুরে বিষজাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে ২০/২৫ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। তারা আমাকে পথে বসিয়ে দিল। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।’

জানা যায়, চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের জালাল ফকির নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১০ শতক জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে পাঙ্গাস, সিলভার কার্প, শিং, রুই-কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ছিল। 

আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত