কাঞ্চন পৌরসভা নির্বাচন

প্রচারে হত্যা মামলার আসামি আতঙ্কে ভোটাররা

আপডেট : ২৩ জুন ২০২৪, ০১:৪৩ এএম

২৬ জুন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন। নির্বাচন ঘিরে দেওয়ান আবুল বাশার বাদশার পক্ষে হত্যা মামলার আসামিসহ বহিরাগতরা দাবড়ে বেড়াচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ভোটাররা। ভোটাররা বলছেন, একজন হত্যা মামলার আসামি যখন প্রকাশ্যে ঘুরে ভোট চায়, তখন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার পক্ষে প্রচারণা চালাচ্ছেন দ্বীন ইসলাম হত্যা মামলার ৩ নম্বর আসামি মিজানুর রহমানসহ বহিরাগতরা। জামিন না নিয়ে হত্যা মামলার আসামি মিজান প্রকাশ্যে প্রশাসনের সামনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছে। এ ছাড়া নির্বাচন ঘিরে চলছে অস্ত্রের মহড়া।

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান রূপগঞ্জের কায়েতপাড়ার নাওড়া এলাকার মৃত আমানুল্লাহর ছেলে। ৬ জুন মিজানসহ তার লোকজন একই এলাকায় বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিজানসহ ৩১ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। জামিন না নিয়ে মিজান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বীরদর্পে প্রশাসনের সামনে কাঞ্চন পৌর নির্বাচনে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হত্যাসহ একাধিক মামলার আসামি এভাবে প্রশাসনকে ম্যানেজ করে ভোট চেয়ে মানুষকে ভয়ভীতি দেখানোর কারণে চরম আতঙ্কে দিন পার করছে পৌরবাসী। এ ব্যাপারে জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ জামিন না নিয়ে প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এটি ঠিক না। যদি কেউ এমন করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত