দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন গাজীপুরের যাবতীয় উন্নয়নকাজ একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। যার অধীনে ৩২৯ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীর ৮টি জোনে ৫৭টি ওয়ার্ডে একযোগে সব অসমাপ্ত কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে। মাস্টারপ্ল্যানটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, যা শিগগিরই অনুমোদনের পর নগর জুড়ে শুরু হবে উন্নয়নের কর্মযজ্ঞ। গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন ও সিটি করপোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জলাবদ্ধতা দূরীকরণে ১০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে। যানজট নিরসনে গাজীপুর সিটির চারদিকে আউটার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজও শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটির রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে এবং আধুনিক স্মার্ট গাজীপুর সিটি গড়তে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। আগামী দুএক মাসের মধ্যে গাজীপুর সিটিতে অসমাপ্ত উন্নয়নকাজ এবং নতুন কাজ পুরোদমে শুরু হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।
