কিংবদন্তি পেলে, জিকো, রোনালদিনহো, রিভালদো থেকে শুরু করে নেইমার ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। সেই ১০ নম্বর জার্সি উঠেছে রদ্রিগোর গায়ে। নেইমারের অনুপস্থিতিতে গেল নভেম্বর থেকেই ১০ নম্বর জার্সি পরে খেলছেন রদ্রিগো। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের এবারের কোপা আমেরিকা মিশন।
কোপা মিশনে নামার আগে ১০ নম্বর জার্সি পরা নিয়ে রদ্রিগো বলেন, ‘ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি জার্সিটি পরা সম্মানের। আমি জানি এটা বিশাল দায়িত্ব এবং আমি এটা গ্রহণ করেছি। আমি জানি যে প্রতিদিন আমাকে আরও ভালো হতে হবে, সারা বিশ্বের চোখ এই জার্সিতে থাকবে। আমি ভালো কাজ চালিয়ে যেতে এবং এই জার্সির সম্মান রাখতে প্রস্তুতি নিচ্ছি।’
২০১৯ সালের পর থেকে ব্রাজিল দল কোনো শিরোপা জিততে পারেনি। তবে এবার দলীয় চেষ্টায় ব্রাজিল সফল হবে বলে বিশ্বাস করেন রদ্রি, ‘দলটি যাতে শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয় সেজন্য সবাই নিজেদের ভূমিকা পালন করবে। শুধুমাত্র এভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’ নিজেদের প্রমাণ করতেই এবারের কোপা আমেরিকা শিরোপা জিততে চান রদ্রিগো, ‘এই শিরোপা জয় এই প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবে শুরু হচ্ছে। আমরা এমন একটি প্রজন্ম যেখানে খুব উঁচু মানের খেলোয়াড় রয়েছে, তবে আমরা কোনো শিরোপা জিততে পারিনি, আমাদের নিজেদের গুণমান প্রমাণ করতে হবে।’
২০১৯ সালের নভেম্বরে জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগোর। ব্রাজিলের জার্সিতে ৪৯ ম্যাচ খেলে গোল করেছেন ১৭টি।
