সিএমপির নতুন কমিশনার সাইফুল ইসলাম

আপডেট : ২৪ জুন ২০২৪, ০১:১৪ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে বর্তমান পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) হিসেবে বদলি করা হয়েছে।

সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। তিনি ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পদোন্নতি পেয়ে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। এ কারণে তাকে বদলি করা হয় ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তাকে চট্টগ্রাম  রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়।

পরবর্তী সময় ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল  মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। এরপর তাকে মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত