টানা দুই ম্যাচ জিতে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল জার্মানি। সুইজারল্যান্ডের বিপক্ষে জার্মানির ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। এমন ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ড্র করে গ্রুপসেরা হলো জার্মানি। ৯২ মিনিটে বদলি খেলোয়াড় নিকোলাস ফুলক্রুগের গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ফ্রাঙ্কফুর্টে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার থেকে গোলের সুযোগ পায় জার্মানি। তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন রবার্ট আনড্রিচ। তবে আক্রমণের শুরুতে বক্সের ভেতর জামাল মুসিয়ালা প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় ভিএআরে বাতিল করা হয় গোলটি। ২৮ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পাল্টা আক্রমণ থেকে রেমো ফ্রুয়েলারের অ্যাসিস্ট থেকে গোল করে সুইসদের এগিয়ে দেন ডান এনডয়ে।
এগিয়ে গিয়ে সুইজারল্যান্ড আরও সতর্কতার সঙ্গে ফুটবল খেলে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে জার্মানরা। ৫০ মিনিটে মুসিয়ালার শট ঠেকিয়ে দেন সুইস গোলকিপার। ফিরতি বলে ব্যর্থ হন ইকাই গুন্দোগান। ৮২ মিনিটে ফ্রি কিক থেকে ক্রুসের শট অল্পের জন্য জালে জড়ায়নি। ৮৪ মিনিটে স্কোর ২-০ করে সুইজারল্যান্ড। তবে অফসাইডে বাতিল হয় গোল। ম্যাচে যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা, তখনই জার্মানির হয়ে হেডে দারুণ এক গোল করে সমতা ফেরান বদলি নামা ফুলক্রুগ।
ইউরোর গ্রুপ পর্বে কোনো ম্যাচেই ফুলক্রুগকে শুরুর একাদশে রাখেননি জার্মান কোচ নাগেলসমান। বদলি নেমেই দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে ফুলক্রুগকে নিয়ে জার্মান কোচ বলেন, ‘এটি সেই মুহূর্তগুলোর একটি, যেখানে আমাদের সত্যিই তাকে প্রয়োজন। শুরুর একাদশে খেলা বা বদলি হিসেবে নামা, সে উভয় ভূমিকার দাবি জানিয়ে রেখেছে। তাই, এটি তার জন্য একই সঙ্গে সৌভাগ্য ও দুর্ভাগ্যের বিষয় যে সে এই ভূমিকায় ভালো।’ ৭ পয়েন্টে এ গ্রুপে শীর্ষে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে গ্রুপ থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
গ্রুপের অপর ম্যাচে শেষ মুহূর্তের গোলে হাঙ্গেরি (১-০) হারিয়েছে স্কটল্যান্ডকে। ম্যাচের যোগকরা সময়ের দশম মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন কেভিন সোবোথ। এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল স্কটিশরা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল হাঙ্গেরি। ইউরোয় প্রতি গ্রুপে শীর্ষ দুই দলের সঙ্গে তিন নম্বরে থাকা সেরা চারটি দল যাবে শেষ ষোলোয়।
