ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফা নগরীতে তীব্র লড়াইয়ের পর্যায় প্রায় শেষ হয়ে এসেছে। তবে তার মানে এই নয় যে, যুদ্ধ শেষ হয়ে আসছে। তিনি বলেন, হামাসকে ক্ষমতা থেকে পুরোপুরি না হটানো পর্যন্ত যুদ্ধ চলবে। লেবানন সীমান্তেও ইসরায়েলের সেনাবাহিনী শিগগিরই নতুন করে সেনা মোতায়ন করবে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় বেড়েই চলেছে।
হামাসের পরিবর্তে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিন কর্র্তৃপক্ষ গাজা শাসন করবে এমন ধারণাও পুনরায় নাকচ করেছেন নেতানিয়াহু।
গত রবিবার ইসরায়েলের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ পর্যন্ত আপনাকে দুটি কাজ করতে হবে : হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চলমান সামরিক নিরস্ত্রীকরণ চলতে দেওয়া, নয়তো একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি, এ অঞ্চলের কিছু দেশের সমর্থন এবং ব্যবস্থাপনায় সামনে এগিয়ে যাওয়ার এটিই সঠিক পথ।
নেতানিয়াহু আরও বলেন, আমি কী করতে প্রস্তুত নই, তা আপনাকে বলব। আমি সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত নই। আমি ফিলিস্তিন কর্র্তৃপক্ষের হাতে গাজার ক্ষমতা হস্তান্তর করতেও প্রস্তুত নই।
বিবিসি জানায়, রাফা শহরের বাসিন্দারা বলেছেন, নগরীতে আরও সংঘাত হচ্ছে। ওদিকে গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার পরিচালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একটি ত্রাণ বিতরণ কেন্দ্রেও ইসরায়েলের হামলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, ত্রাণ কেন্দ্রটি হামাস ব্যবহার করত।
গাজার যুদ্ধ পরিস্থিতি এবং লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ত ওয়াশিংটন সফর শুরু করছেন।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেই যুদ্ধ এখনো চলছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৭ হাজার ৫৫১ জনের বেশি ফিলিস্তিনি।
