টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ এলেও, সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছে। গ্রুপপর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জেতা বাংলাদেশ সুপার এইটের তিন ম্যাচেই হেরেছে। সর্বশেষ গতকাল আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।
বাংলাদেশ দলের হার ও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে গতকাল গণমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। যেখানে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যায় ৩০ মিনিট লাগবে বলে জানান। এজন্য তিনি সাংবাদিকদের আমন্ত্রণও জানিয়েছেন, যদিও ওই ব্রিফিংয়ের সুনির্দিষ্ট কোনো সময় এখনো জানানো হয়নি।
‘এটা শুধু কালকের ম্যাচ না, পুরো টুর্নামেন্ট নিয়ে (বলব) যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরো জিনিসটাই...পারফরম্যান্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কথা-ই বলতে হবে। এটা না হলে আপনারাও বুঝবেন না, কেউ বুঝবে না। আপনারা আসেন মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখা করতে।’
