এই দিনে

২৮ জুন

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:০৫ এএম

কৃষকনেতা ও রাজনীতিক হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালে দিনাজপুর জেলার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে ইতিহাসে এমএ এবং ১৯৩২ সালে বিএল ডিগ্রি লাভ করে দিনাজপুরে আইন ব্যবসা শুরু করেন। তিনি ১৯৩৮ সালে কমিউনিস্ট পার্টির ‘কৃষক সমিতি’র সঙ্গে সম্পৃক্ত হন এবং উত্তরবঙ্গে কৃষক আন্দোলন সংগঠিত করেন। নীলফামারীর ডোমারে ১৯৪২ সালে অনুষ্ঠিত বঙ্গীয় কৃষক সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তিনি উত্তরবঙ্গে ‘তেভাগা আন্দোলন’ সংগঠিত করেন। ১৯৪৫ সালে মুসলিম লীগে যোগ দেন। কিন্তু তেভাগা আন্দোলনে নেতৃত্ব অব্যাহত রাখায় ১৯৪৬ সালে মুসলিম লীগ থেকে বহিষ্কৃত হন। ওই বছরই তিনি বঙ্গীয় সরকার কর্র্তৃক গ্রেপ্তার হন এবং ১৯৪৭ সালে মুক্তিলাভ করেন। এরপরই তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে ইতিহাসের অধ্যাপক পদে যোগ দেন। ১৯৫২ সালে ‘গণতন্ত্রী দল’ গঠন করেন এবং যুক্তফ্রন্টে যোগ দেন। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে দিনাজপুর থেকে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিলে তিনি গ্রেপ্তার হন এবং ১৯৫৬ সালে মুক্তিলাভ করেন। ১৯৫৭ সালে ‘গণতন্ত্রী দল’ বিলোপ করে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে তিনি আবার কারারুদ্ধ হন। ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচির বিরোধিতা করলেও ১৯৭১ সালে ন্যাপ থেকে পদত্যাগ করে মুজিবনগর সরকারের সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। ১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে (বাকশাল) যোগ দেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নিযুক্ত হন। এরপর তিনি আরও একটি নতুন দল প্রতিষ্ঠা করলেও ১৯৮৬ সালে তা ভেঙে এরশাদের জাতীয় পার্টির সঙ্গে নিজেকে একীভূত করেন। ১৯৮৬ সালের ২৮ জুন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত