‘বিশ্বকাপের ফাইনালেই রানে ফিরবেন কোহলি’

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম

আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহক হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যান ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু বিশ্বকাপ মঞ্চে গিয়ে আর নিজেকে মেলে ধরতে পারেননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সেমিফাইনাল পর্যন্ত কোনো ম্যাচেই ব্যাট হাতে অবদান রাখতে পারেননি কোহলি।

ভারতীয় সাবেক অধিনায়কের এমন অফ-ফর্মে চিন্তিত টিম ম্যানেজমেন্টও। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপার লড়াইয়ের দিন ব্যাটে রান পাবেন কোহলি, এমনটাই বিশ্বাস দলটির অধিনায়ক ও কোচের।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর কোহলির প্রশঙ্গে রোহিত বলেন, ‘আমরা তার ক্লাস (মান) বুঝি। ১৫ বছর ধরে খেললে ফর্ম আসলে কোনো সমস্যাই নয়। সে সম্ভবত বড় রানের ইনিংস ফাইনালের জন্য জমিয়ে রেখেছে। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৯ বলে ৯ রান করে রিস টপলির বলে বোল্ড হন কোহলি। জাতীয় দলের হয়ে টি–টোয়েন্টিতে সর্বশেষ ৯ ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই। সর্বোচ্চ খেলেছেন ৩৭ রানের ইনিংস, সেটাও সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে। এদিকে তিন সংস্করণ মিলিয়েও সর্বশেষ ১১টি ইনিংসে হাফ সেঞ্চুরি নেই কোহলির। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ হওয়া আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।

কোহলির অফ-ফর্ম নিয়ে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘বিরাটকে আপনারা জানেন। একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সব সময় সফল হওয়া যায় না। আজও (গতকাল ম্যাচে) যেমন, সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে। তবে ইনটেন্ট ভালো লেগেছে। এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়, তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়-আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত