বৃষ্টির দিনগুলো সুরভিত হোক

আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:৩০ এএম

ভ্যাপসা গরমে ঘামের দুর্গন্ধ হতেই পারে। সেটা বাড়িতে বা বাইরে যেখানেই থাকুন না কেন। তাই তরতাজা ও দুর্গন্ধবিহীন থাকতে মেনে চলতে পারেন কিছু ঘরোয়া নিয়মকানুন। জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

ঘামের সমস্যায় কমবেশি সবাই ভোগেন। তবে কারও ঘাম বেশি কারও আবার কম। তবে যাদের ঘাম বেশি হয় তাদের বিড়ম্বনাটা যেন একটু বেশিই। যাদের ঘাম বেশি হয় তারা চিকিৎসকের কাছে যেতে পারেন। কারণ অনেক সময় শারীরিক নানা সমস্যা থেকে অতিরিক্ত ঘাম হতে পারে। তবে ঘাম খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এর মাধ্যমে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। প্রত্যেকের শরীর ভিন্ন আর তাই কার কতটা ঘাম হবে, সেটা বলাও সম্ভব নয়, আর নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। ঘাম এমনিতে গন্ধহীন। শরীরের ফেরোমন এবং বাইরে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে নির্দিষ্ট গন্ধ হয়। ফেরোমন বদলানো বা পাল্টানো যায় না। এটা প্রত্যেকের শরীরের নিজস্ব গন্ধ আছে।

তবে ব্যাকটেরিয়া দূর করা বা দিনভর সুগন্ধিত থাকা অবশ্যই সম্ভব।

কী করবেন

দিনের শুরুতে গোসল করে নিন। যাদের ঘাম বেশি তারা চাইলে গোসলের পানিতে এসেনশিয়াল অয়েল, বাথসল্ট মিশিয়ে নিতে পারেন। যে অংশে অতিরিক্ত ঘাম হয়, সেই অংশ নিয়মিত শাওয়ার জেল দিয়ে পরিষ্কার করুন। পাতিলেবুর টুকরো দিয়ে অংশগুলো ঘষতে পারেন। গোসলের পর ওই অংশগুলোয় রোল-অন লাগান। শুকিয়ে গেলে ট্যালকম পাউডার দিন। এ ছাড়া যখন অতিরিক্ত ঘাম হবে, তখন ওই অংশ অ্যাস্ট্রিনজেন্ট লোশন দিয়ে পরিষ্কার করে তারপর ডিও ও শেষে অল্প ট্যালকম পাউডার দিন। চেষ্টা করুন সব সময় ধোয়া ও পরিষ্কার জামাকাপড় পরতে। একই পোশাক পরপর পরবেন না। কারণ ব্যবহৃত পোশাকে পুরনো ঘামের গন্ধ থেকে যায়। তাই পোশাকে যেন কোনো বাজে গন্ধ না থাকে তা খেয়াল রাখুন। সুতির, হালকা, ঢিলে পোশাক পরলে ঘাম কম হবে। পোশাক পরে ওপরে অল্প পারফিউম লাগান।

টিপস

          সবসময় নিজেকে শুকনো রাখার চেষ্টা করুন। গোসল করার পর ভালোভাবে শরীর শুকিয়ে ভালো মানের  ডিওডোরেন্ট ব্যবহার করুন।

          শসাতে পানির ভাগ বেশি থাকে, যা শরীরের গন্ধ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই প্রতিদিন একটি করে শসা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

          সালফিউরিক সমৃদ্ধ খাবার যেমন ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি পরিমাণে কম খেতে হবে। কারণ এগুলোতে মিনারেল সালফার থাকে, যা গন্ধযুক্ত গ্যাস আমাদের ত্বকের সাহায্যে নির্গত করে। শরীরে ঘামের দুর্গন্ধ তৈরি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত