সবজির রকমারি

আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:৩১ এএম

রেসিপি দিয়েছেন :  তাসনিয়া রহমান সৃষ্টি

বুটের ডাল ভুনা

উপকরণ

বুটের ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ১টি, শুকনা মরিচ ১টি, কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে নেওয়া ১টি, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং শুকনা মরিচ দিন। কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিন।

২.         পেঁয়াজে হালকা বাদামি রঙ ধরলে এতে অল্প করে পানি দিন। এবার এতে গুঁড়া এবং বাটা মসলাগুলো দিয়ে দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং মসলা কষিয়ে নিন।

৩.         মসলা থেকে পানি কমে যাবে এবং তেল ওপরে উঠে আসবে। এরপর আগের দিন রাত্রে ভেজানো ডাল থেকে পানি ঝরিয়ে নিন এবং তা এই মসলায় দিয়ে দিন। ডালটা ভালো করে মসলার সঙ্গে মাখিয়ে কষিয়ে নিন ৫-৬ মিনিট। এরপর এতে ২ কাপ গরম পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখুন।

৪.         আঁচে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিন। মাঝে মাঝে নাড়ুন নয়তো নিচে ধরে যাবে। এ সময়ের পর ঢাকনা খুলে নিন। এর মাঝেই ডাল সিদ্ধ হয়ে যাবে। আঙুলে টিপে ধরলে গলে যাবে। আপনার পছন্দমতো ঝোল কমিয়ে নেওয়ার জন্য ঢাকনা খুলে আরও ৫ মিনিট রান্না হতে দিন।

করলা ভাজা

উপকরণ

করলা কুচি করে কাটা ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল সিকি কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫টি, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিন।

২. এবার করলা ও বাকি মসলা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

সবজির কোফতা

উপকরণ

পাঁচমিশালি সবজি ১ কাপ, আলু সিদ্ধ ১ কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ।

মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,  পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, বেসন ১ কাপ, কাঁচা মরিচ ৬টি, তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         প্রথমে সবজি ও আলু সিদ্ধ করে ভালো করে চটকে নিয়ে তাতে লবণ, পাঁচফোড়ন গুঁড়া ও বেসন মিশিয়ে কোফতা তৈরি করে নিতে হবে।

২.         পাত্রে তেল গরম করে কোফতাগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে।

৩.         এবার ওই তেলে পেঁয়াজ কুচি ভেজে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন।

৪.         এরপর ভেজে রাখা কোফতা দিয়ে রান্না করে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

আলুর দম

উপকরণ

আলু খোসা ছাড়ানো সিদ্ধ ২০ টুকরা, গরম মসলা (দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৫টি) তেল ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, জিরা আস্ত ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টমেটো বাটা ২টি, লবণ দেড় চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, পানি আধা কাপ, ঘি আধা টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         সিদ্ধ আলুগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করে রাখুন। একটা প্যানে ২ চামচ তেল গরম করে আস্ত জিরা ও তেজপাতা দিন। মরিচ কুচি দিয়ে নাড়তে থাকুন। চিনি দিয়ে গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন।

২.         পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার আদা, রসুন ও টমেটো দিয়ে নেড়ে পাত্র ঢেকে দিন। ৫ মিনিট পর লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে দিন। আবারও ঢেকে দিন প্যান।

৩.         ৫ মিনিট পর ছোট সিদ্ধ করা আলু দিন। ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে প্যান ঢেকে অপেক্ষা করুন ৫ মিনিট। গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। আধা চামচ ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন আলুর দম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত