গৃহবধূকে গলা কেটে হত্যা নদীতে দুই লাশ

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:২৩ এএম

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুফিয়া বেগম ওই এলাকার আসমত আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক।

স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই রাতে স্বামী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন এবং ওই দম্পতির আট বছরের শিশু আসমানীকে নিয়ে সে পালিয়ে যান।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় সোনা মিয়া (৫০) ও ফারুক হোসেন (৪৮) নামের দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের গলনার চর ও বাইনকার চর এলাকা থেকে উদ্ধার করা হয়। সোনা মিয়া ও ফারুক মিয়ার বাড়ি একই উপজেলার কাতলামারী ও দক্ষিণ উদখালি গ্রামে।

নদীর পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন ওই দুই ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত