সম্প্রতি বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার সমঝোতা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘হিন্দুস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে সম্প্রতি যে রেল চুক্তির নামে সমঝোতা চুক্তি করা হয়েছে তা অসম চুক্তি। এই চুক্তি যদি কার্যকর করা হয় তাহলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। তাই অবিলম্বে চুক্তি বাতিল করতে হবে।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘বাংলাদেশের ওপর দিয়ে রেললাইন নির্মাণে অবৈধ সরকারের অবৈধ চুক্তির’ প্রতিবাদ শীর্ষক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘৪০০ টাকা কেজি কাঁচা মরিচ খাওয়াবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীনভাবে বেড়ে চলছে। আজকে আপনারা সেই দিকে নজর না দিয়ে কীভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেদিকে আজকে নজর। লজ্জা হয় না আপনাদের? যেখানে রেলের ভেতর যুবতীকে ধর্ষণ করা হয়। এখনো রেলমন্ত্রী পদত্যাগ করেননি। আপনারা সব জায়গায় ব্যর্থ। তাই আপনাদের বলছি, এখনো সময় আছে পদত্যাগ করুন। নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকার কায়েম করুন।’
তিনি বলেন, ‘বাংলাদেশে আমার ভোট আমি দেব। মৃত ব্যক্তির ভোট নয়। দিনের ভোট দিনে করব। আমার ভোটাধিকার দিয়ে আমি জনগণের নেতা নির্বাচিত করব। সেই নেতাই সংসদ চালাবে এবং সেই সংসদই প্রয়োজন বোধে ভারতের সঙ্গে চুক্তি করবে। অসম চুক্তি, অবৈধ সরকারের চুক্তি আমরা মানি না, মানতে পারি না।’
বিএনপির এই নেতা বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়কে জেলে রেখে আপনারা মনে করেছেন বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন। আমরা কোনোদিনও সেটা মেনে নেব না।’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির একসময়ের প্রভাবশালী এই নেতা বলেন, ‘আগামীকাল হবে বিএনপির মহাসমাবেশ। সেই সমাবেশ থেকে আগামী দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে। দলের নেতাকর্মীদের জানাব, এমন কর্মসূচি দেন, যে কর্মসূচিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ সমর্থন জানাবে। বাংলাদেশের ইতিহাসে জাতীয় নির্বাচনে, উপজেলা নির্বাচনে জনগণ যেভাবে আপনাদের সহযোগিতা করেছে।
