সাংবাদিকদের বক্তব্য দেওয়ায় রোগীর সার্টিফিকেট আটকানোর হুমকি

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৪৭ এএম

মারামারির ঘটনায় আহত রোগীরা হাসপাতালের বেডে বসে সাংবাদিকদের কাছে তাদের অবস্থা তুলে ধরে বক্তব্য দেওয়ায় তাদের মেডিকেল সার্টিফিকেট আটকে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা নবীর বিরুদ্ধে।

গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকরা রোগীদের বক্তব্য নিতে গেলে এ ঘটনা ঘটে।

‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও ‘চ্যানেল এস’ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ বলেন, ‘গত শুক্রবার উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চারজন আহত হন। এর মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সেখানে সংবাদ সংগ্রহকালে ডা. ফারহানা আমাদের বাধা দেন। ডা. ফারহানা বলেন, ‘কার অনুমতি নিয়ে এখানে আসছেন? আগে অনুমতি নিয়ে আসেন। অন্যথায় আমি থানায় ফোন দেব। একপর্যায়ে আমাদের ক্যামেরা বন্ধ করতে বাধ্য করেন এবং রোগীর স্বজনদের সার্টিফিকেট আটকে দেওয়ার হুমকি দেন। পরে স্টাফদের তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলার নির্দেশ দিয়ে চলে যান।’

ভুক্তভোগী শামীম হোসেন বলেন, হাসপাতালে ভর্তি আমার বাবা-মা মারামারির বিষয়ে সাংবাদিকদের বক্তব্য দেওয়ার সময় ডাক্তার এসে আমাকে হুমকি দিয়ে বলেন, ‘সাংবাদিকদের তথ্য দিয়েছেন। আপনি আপনার বাবা-মায়ের মেডিকেল সার্টিফিকেট কীভাবে নেন আমি তা দেখব।’

তবে ডা. ফারহানা নবী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ইনডোর মেডিকেল অফিসার। সার্টিফিকেট দেওয়া না দেওয়া আমার এখতিয়ারে নেই। হাসপাতালে অনেক রোগী থাকায় সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে আমি তাদের ভিডিও ধারণ না করতে অনুরোধ করেছি মাত্র। এর চাইতে অন্য কিছু নয়।’

সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনারা ভিডিও ধারণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে অনুমতি নিয়ে গেলে ভালো হয়। অভিযোগের বিষয়ে শুনেছি। আমি ঢাকায় ডিজি অফিসে ট্রেনিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত