চাঁদপুরের শহরতলি বাবুরহাট বাজারে নিজস্ব জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ করার জন্য উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা পরিষদ। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান। অভিযানে ৮২ শতাংশ জমিতে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, জেলা পরিষদের নিজস্ব ভূমিতে বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ভবন নির্মাণ হলে অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়া হবে।
অভিযানের সময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
