আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) শাহরিয়ার আলমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। গতকাল শনিবার সকালে নগরীর সাহেববাজারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান জেলার বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বক্তারা শাহরিয়ার আলমকে ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে উল্লেখ করে দ্রুত তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আবুল বাসার, আবুল হাসান খন্দকার, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ইয়াসিন আলী ও অ্যাডভোকেট মতিউর রহমান।
বক্তারা বলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতা বাবুলের। এর মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলম। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র। তার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন শাহরিয়ার আলম এমপি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
এদিকে গত দুদিন ধরে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলাতে শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।
