গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম (৪০)। গতকাল শনিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়। সাইফুল ইসলাম গত শুক্রবার রাতে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকার একটি বিলে টেঁটা দিয়ে সখের বসে মাছ ধরতে যান। এ সময় একটি বিষধর সাপ এসে সাইফুলের পায়ে কামড়ে দেয়। পরে তিনি তার হাতের টেঁটা দিয়ে সাপটি মেরে ফেলে। এরপর তিনি ওই সাপটি নিয়ে দ্রুত বাড়িতে গিয়ে পরিবার ও এলাকাবাসীর লোকজনদের কাছে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান।
স্থানীয় ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছামুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার জোহরের নামাজের পর জানাজার নামাজ শেষে তার দাফন সম্পূর্ণ করা হবে।
