নির্বাচন নিয়ে যেন আর কখনো আস্থার ঘাটতি না হয়, সে জন্যই ‘কপোত’ অ্যাপস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম। তিনি বলেন, এর মধ্যে দিয়ে আগামী দিনের নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে।
রাজশাহীতে গতকাল শনিবার নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যবহৃত রেজাল্ট ম্যানেজমেন্ট (আরএমএস) সফটওয়্যার এবং ‘কপোত’ অ্যাপসের ব্যবহার সহজীকরণ সংক্রান্ত কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে যেন কখনো আস্থার ঘাটতি না হয় সেজন্য ‘কপোত’ অ্যাপসটি তৈরি করা হয়েছে। এই অত্যাধুনিক স্মার্ট অ্যাপসটির ব্যবহার কীভাবে আরও সহজ করা যায় সে লক্ষ্যেই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে রাজশাহীতে প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতে সব বিভাগে এমন কর্মশালার আয়োজন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে ভবিষ্যতে আরও স্মার্টভাবে সেবা প্রদান সম্ভব হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
