হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:০৭ এএম

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের বিরুদ্ধে পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১ জনই অনাস্থা এনেছেন। গত ১৭ জুন তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অনাস্থার আবেদন করলেও এখন তা জানাজানি হয়।

অনাস্থাকারীদের অভিযোগ, মোজাম্মেল হক চান্দেরচর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন, মাঝেমধ্যে এলাকায় এসে মিটিং না করে ইউপি সদস্যদের কাছ থেকে রেজল্যুশনে সই নিতেন। সদস্যদের স্বাক্ষর জাল করে প্রকল্প দাখিল করে টিআর, কাবিখা, কাবিটা, এলজিএসপি ও কর্মসৃজন প্রকল্পসহ বেশিরভাগ প্রকল্পের কাজ না করেই অথবা সামান্য কাজ করে টাকা আত্মসাৎ করেছেন।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘ভিজিএফের  চাল বিতরণে অনিয়ম, ভিজিডির উপকারভোগীদের টাকা নিজ অ্যাকাউন্টে জমা রাখা, মেম্বারদের স্বাক্ষর জাল করে প্রকল্প কমিটি দিয়ে টাকা আত্মসাতের চেষ্টার করায় ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়ে দরখাস্ত করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যানের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া য়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত