অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী। এতে প্রবাসী বাংলাদেশি সংগীত ও নৃত্যশিল্পী, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের সন্তানরাসহ শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
সংগীত সংগঠন জলসা ক্যানবেরার সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে একক ও দলীয়ভাবে রবীন্দ্র ও নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার গোপাল বাগলে এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সরকারের ছায়া মাল্টিকালচারাল মন্ত্রী পিটার কেইন।
অনুষ্ঠানে হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বাংলা সাহিত্যের সব ক্ষেত্রে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বহুমুখী প্রতিভা ও তাদের অসাধারণ অবদানের ওপর আলোকপাত করেন।
এ সময় ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থান, ভাষা, ইতিহাস ও সংস্কৃতি দুই দেশকে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ করে রেখেছে। প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চারও প্রশংসা করেন তিনি। তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
