মধ্যরাতে তাঁবুতে বজ্রপাত, প্রাণ গেল ৩ জনের  

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:০৯ পিএম

নড়াইলে শূকর চরাতে এসে বজ্রপাত ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (৩০ জুন) মধ্যরাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— যশোর জেলার মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), সাতক্ষীরার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় (৪৮) ও  নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মালো নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহত ও আহতরা প্রায় এক মাস আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন। তারা বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার সন্ধ্যায় শূকরের দল এক জায়গায় রেখে তারা তাদের তাঁবুর নিচে শুয়ে পড়েন। মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটলে চারজনের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যায়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন। সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পায়। এসময় আহত চিত্ত মালোকে উদ্ধার করে নড়াইল জেলা  হাসপাতালে পাঠায়।

কলোড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘শুকরের দল দিয়ে রামনগর চর এলাকায় এসেছিলেন একটি দল। রাতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত অপর একজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কিছু শূকর অসুস্থ ছিল। ধীরে ধীরে দুপুরের দিকে সুস্থ হয়ে উঠেছে।’ 

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহগুলি নড়াইল জেলা হাসপাতালে আনা হয়। পরে আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত