মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ধর্ষণ ও হত্যা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৫:২২ এএম

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর রেখা আক্তার (১৫) ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি শাহজালাল ওরফে শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজালাল নবম শ্রেণির ছাত্র এবং নিহত রেখা আক্তারের আপন চাচাতো ভাই। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, গত শুক্রবার দুপুরে ভাঙ্গার হোগলাকান্দি সদরদী এলাকার আবদুল হাইয়ের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে কিশোরী রেখা আক্তার পুকুরে গোসল করতে যায়। সে সময় তাকে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এ ঘটনায় কিশোরীর মা মেরী আক্তার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর তদন্তে নামে থানা পুলিশসহ আইন প্রয়োগকারী ৫টি সংস্থা।

পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রেখার আপন চাচাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শাহাদাত ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে। শাহাদাত জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রেখা পুকুরে গোসল করতে গেলে তাকে মোবাইল ফোনে পর্নো ছবি দেখানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে পুকুরের পাশে থাকা জনৈক আলমগীর মোল্লার পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণের পর রেখা বিষয়টি তার বাবা-মাকে জানিয়ে দেওয়ার কথা জানালে সে ক্ষিপ্ত হয়। এ বিষয়টি কাউকে না জানানোর জন্য বারবার অনুরোধ করে শাহাদাত। কিন্তু রেখা সবাইকে ঘটনা বলে দেবে বলে জানায়। এরপর শাহাদাত ক্ষিপ্ত হয়ে রেখার পরনের সালোয়ার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর শাহাদাত নিজ বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা টুকু মাতুব্বরকে জানায়। এ সময় তার বাবা তাকে গালমন্দ করেন। পরে তার বাবা নাটক সাজিয়ে রেখার মাকে জানান, তার মেয়ের লাশ পাটক্ষেতে পড়ে আছে। এরপর রেখার মা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পাটক্ষেতে গিয়ে তার মেয়ের লাশ দেখতে পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত