কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ৬৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক শামসুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে উপজেলার মেটুুপি গ্রামের কর্তাবাড়ি ও সরকারবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্তাবাড়ির নাদিম কর্তা (৫৫) নামে একজন আহত হন। নাদিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন মারা যান। তার মৃত্যুর খবরে ওইদিন বিকেলে আবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ১২ জন আহত হন। এ সময় শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুট করা হয়।
এ ঘটনায় ২৪ জুন নিহতের ভাই বাকী কর্তা থানায় মামলা করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
