ঊর্ধ্বমুখী রাজস্ব আয়ে উৎফুল্ল মেয়র তাপস

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:৪০ এএম

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, কর না বাড়িয়ে প্রতিবছর রাজস্ব আয় বৃদ্ধিতে উৎফুল্ল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসির ইতিহাসে এ বছর সর্বোচ্চ রাজস্ব আয় করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার নগর ভবনে রাজস্ব আয়সংক্রান্ত বিবরণী হস্তান্তর করলে রাজস্ব কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র তাপস। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৬১ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে ডিএসসিসি; যা সিটি করপোরেশনটির ইতিহাসে সর্বোচ্চ। মেয়র তাপস দায়িত্ব নেওয়ার পর থেকে তার নির্দেশনায় রাজস্ব আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। প্রতিবছরই রাজস্ব আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে।  ফলে ডিএসসিসির সব পরিচালন ব্যয় মিটিয়ে এখন নিজস্ব অর্থায়নে প্রকল্পও নিতে পারছে।

রাজস্ব বিভাগের তথ্যমতে, ২০১৯-২০ অর্থবছরে ডিএসসিসির রাজস্ব আয় ছিল ৫১৩ দশমিক ৯৬ কোটি টাকা। এর পরের বছর, অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে ৭০৩ দশমিক ৩১ কোটি, ২০২১-২২ অর্থবছরে ৮৭৯ দশমিক ৬৬ কোটি এবং ২০২২-২৩ অর্থবছরের ১০৩১ দশমিক ৯৭ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়।

রাজস্ব আদায়সংক্রান্ত হস্তান্তরিত সংক্ষিপ্ত বিবরণীতে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে গৃহ কর (হোল্ডিং ট্যাক্স) বাবদ ৪০৩ কোটি ১৮ লাখ, বাজার সালামি খাতে ১৪৮ কোটি ৪০ লাখ, বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) ফি বাবদ ৭৭ কোটি ২৭ লাখ এবং স্থাবর সম্পত্তি হস্তান্তর কর থেকে ১৩২ কোটি ২৬ লাখ টাকা আয় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রাজস্ব আয়ের বিবরণী হস্তান্তরকালে উৎফুল্ল মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কোনো ধরনের কর বৃদ্ধি না করার যে ওয়াদা আমি ঢাকাবাসীকে দিয়েছিলাম তা সম্পূর্ণরূপে রক্ষা করে এবং  দুর্নীতি, অনিয়ম, গাফিলতি রোধ করার মাধ্যমে আমরা ঢাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। ফলে রাজস্ব আদায়ে আমরা নতুন নতুন মাইলফলক সৃষ্টি করে চলেছি। এরই ধারাবাহিকতায় ও সবার কর্মতৎপরতায় এবার আমরা বিগত বছরের রাজস্ব আদায়ের পরিমাণকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত