হিন্দু, নরেন্দ্র মোদি, বিজেপি ও আরএসএস নিয়ে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, লোকসভার স্পিকার ওম বিড়লার নির্দেশে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাদ দেওয়া হয়েছে শিল্পপতি আদানি, আম্বানি ও অগ্নিপথ প্রকল্প নিয়ে করা তার মন্তব্য। এরপরই মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন তুলেন রাহুল। এ পদক্ষেপকে সংসদীয় গণতন্ত্রের বিরোধী বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি স্পিকারকে চিঠি লিখে মন্তব্যগুলো কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।
এদিন সংসদে ঢোকার আগে সাংবাদিকদের রাহুল বলেন, ‘মোদির জামানায় সত্যের কণ্ঠরোধ করা হয়। কিন্তু বাস্তবে সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। তারা যত খুশি কণ্ঠরোধের চেষ্টা করুক না কেন, আমার যা বলার, তাই বলেছি। সত্যিটা সত্যিই।’
