৬৫ বছর পর কোপা আমেরিকাতে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেল উরুগুয়ে। কানসাস সিটিতে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ আটে উঠেছে আসরের যৌথভাবে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এর আগে ১৯৫৯ সালে এমন কীর্তি গড়েছিল দেশটি। ইকুয়েডরকে ৪-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর ব্রাজিলকে ৩-০ এবং আর্জেন্টিনাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল উরুগুয়ে। সেবার নিজেদের দশম শিরোপা জিতেছিল তারা।
মঙ্গলবার উরুগুয়ের হয়ে ৬৬ মিনিটে গোলটি করেন ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা। ম্যাচে শুরুর কিছু সময় ছাড়া দাপট ছিল উরুগুয়েরই। নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার জায়গায় এ ম্যাচে ভার সামলানো ডিয়েগো রেয়েস ম্যাচশেষে বলেছেন, ‘আমরা সেই দল যারা নিজেদের প্রস্তুত করেছি যেকোনো গল্পের প্রটাগনিস্ট (নায়ক) চরিত্র হিসেবে। তাই যখনই আমাদের পায়ে বল থাকে না, আমরা সেই মুহূর্তটুকু অপছন্দ করি। এ ম্যাচে ছন্দ পেতে শুরুর দিকে কিছুটা সময় লেগেছিল। একবার সেটি পেয়ে যাওয়ার পর আমরা আমাদের কাক্সিক্ষত রূপে ফেরত আসতে পেরেছি।’ কোয়ার্টারে ওঠার পর উরুগুয়ে অপেক্ষা করছে প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার। সে তালিকায় থাকা দুটো নামই ওজন ও শক্তিতে ভারী কলম্বিয়া কিংবা ব্রাজিল। এ প্রসঙ্গে রেয়েসের ভাষ্য, ‘দুদলই ভালো প্রতিপক্ষ। বর্তমানে কলম্বিয়া খুব ভালো সময় পার করছে। ব্রাজিল তো সবসময়ের গ্রেট। আগে প্রতিপক্ষ চূড়ান্ত হোক, সে অনুযায়ী আমরা আমাদের ছক কষা শুরু করব।’
বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পানামা।
