ডিএমপি কমিশনার বললেন

উইমেন সাপোর্ট ডিভিশনে সেবা দেওয়া হবে

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৬ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে ঢাকার বাইরের ভুক্তভোগীদেরও সেবা দেওয়া হবে। কোনো ভুক্তভোগী ঢাকার বাইরের জেলা থেকে এসে উইমেন সাপোর্ট ডিভিশনে সেবা চাইলে দেওয়া হবে। শুরু থেকেই বিভাগটি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এ বিভাগের কার্যক্রম শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্য স্থানের নারী ও শিশু ভুক্তভোগীদের সহায়তায়ও কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার ওই ডিভিশনের কর্মকর্তাদের বলেন, ‘আপনারা নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করবেন। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের সেবা দিতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রিসার্চ সেন্টার খুলতে হবে। ডিএমপির সাইবার ইউনিট, এনজিও ও থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।’

মতবিনিময় শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে কর্মজীবী নারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন ডিএমপি কমিশনার। এরপর তেজগাঁও থানা ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সেবাপ্রত্যাশীরা যেন তাদের কাক্সিক্ষত সেবা পান সেই বিষয়ে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত