লাশ তুলে কবরস্থানে চাষাবাদ করায় স্বজনদের কান্না!

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৭ এএম

হবিগঞ্জের মাধবপুরে পুরনো কবরস্থানে চাষাবাদ করার অভিযোগ উঠেছে বজলু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে।

এলাকাবাসী জানান, কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামের এক লোক স্থানীয় কমলপুর মৌজার এসএ দাগ ২৪৪৭-এর ৯ শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়। এসএ রেকর্ডে এটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে।

কবরস্থানের বর্তমান দখলদার বজলু মিয়া জানান, এটি একাধিক বিক্রির মাধ্যমে তার কাছে এসেছে। এটি কবরস্থান নয় বরং তাদের মালিকানাধীন কৃষিজমি।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, ‘এখানে আমার ভাগিনা ও আপন চাচার কবর রয়েছে। এরা তাদের কঙ্কাল তুলে ফেলে চাষাবাদ করছে। এরা জঘন্য কাজ করছে। এটি দখলমুক্ত না হলে আমরা তীব্র আন্দোলনের ডাক দেব। আমরা এর বিচার চাই। স্থানটিতে শতাধিক কবরও রয়েছে এলাকাবাসীর।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা সভায় এটি উদ্ধারে জোরালো প্রস্তাব রাখব।’

সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গতকাল একজন তহসিলদারকে সেখানে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে খোঁজখবর নিতে।’

ইউএনও এ কে এম ফয়সাল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত