গাজায় সাড়ে আট হাজার শিক্ষার্থী নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৩:০৫ এএম

ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় কমপক্ষে আট হাজার ৫৭২ ফিলিস্তিনি শিক্ষার্থী এবং অধিকৃত পশ্চিম তীরে ১০০ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজা ও পশ্চিম তীরে কমপক্ষে ৪৯৭ জন শিক্ষক ও প্রশাসক নিহত এবং তিন হাজার ৪০২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিন সংবাদমাধ্যম ওয়াফা জানায়, গাজায় ৩৫০টিরও বেশি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘ পরিচালিত ৬৫টি স্কুল ভবন বোমা হামলা ও ধ্বংস করা হয়েছে। গাজার প্রায় ছয় লাখ ২০ হাজার শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে পারছে না, তাদের অধিকাংশ মানসিক অসুস্থতায় ভুগছে। গাজা যুদ্ধে এখনো পর্যন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৮৭ হাজার মানুষ আহত হয়েছে।

এদিকে ইসরায়েল নতুন করে মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে, যা গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের আড়াই লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য প্রযোজ্য। অনেকেই পায়ে হেঁটে বা গাড়িতে পালিয়ে যাচ্ছে। দক্ষিণে রাফা ও উত্তরে গাজা সিটির শুজাইয়ায় হামলা চালানোর জন্য এ আদেশ দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১৯ লাখে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তবে গতকালও ইসরায়েল গাজা উপত্যকার দক্ষিণের অনেক এলাকায় বোমাবর্ষণ করেছে। হাজারো ফিলিস্তিনি এসব এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ২৫ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লেবানন সীমান্তেও উত্তেজনা বেড়েছে। প্রায় প্রতিদিনই দুপক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। সাবেক মার্কিন সামরিক গোয়েন্দা কমান্ডার হ্যারিসন মান বলেছেন, লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিপর্যয় ডেকে আনবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত