দায়িত্ব নেওয়ার আগে চেয়ারম্যান জেলে

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৩:০৬ এএম

সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন নামঞ্জুর করে দায়িত্ব নেওয়ার আগের দিন কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এরপর থেকেই বিক্ষোভ মিছিল, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন চেয়ারম্যানের সমর্থকরা। চেয়ারম্যান রিমুর মুক্তির দাবিতে সকাল থেকে মাদারগঞ্জ উপজেলায় হরতাল পালন করেছেন সমর্থকরা। এ সময় পৌর শহরসহ উপজেলার দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ যান চলাচল বন্ধ হয়ে যায়।

গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে হরতাল সফল করতে চেয়ারম্যানের সমর্থকরা বিছিন্নভাবে সড়কে নেমে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

এ সময় মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী বাজারের ক্ষুদ্র জোনাইল নয়াপাড়া এলাকায় রাস্তার মাঝে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বালিজুড়ী প-িতপাড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন চেয়ারম্যানের সমর্থকরা। হরতাল চলাকালে উপজেলার বিভিন্ন বাজারের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু এইচএসসি পরীক্ষার্থী ও রোগীদের জন্য হরতাল শিথিল করা হয়। এ সময় পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা হয়।

মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগর এই আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি  জানান, চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে হত্যা মামলায় সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। মামলায় গতকাল তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি ও বিকেলে বিক্ষোভ মিছিল করার কথা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত