নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের ইসলামাবাদ পূর্ব হামজার ডেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর নাম পারভীন আক্তার (২৪)।
গতকাল মঙ্গলবার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল বলেন, গত ৯ জুন নেত্রকোনা মডেল থানাধীন ৭ নম্বর কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামের একটি খামারবাড়ি ভাড়া নিয়ে মৎস্য খামার পরিচালনার অন্তরালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একটি বড় প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ পায় পুলিশ। ওই দিন অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ও সোয়াট টিম যৌথভাবে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি, দূরবীন, কম্পাস, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, এসএসডি, মোবাইল ফোন, পিকআপ গাড়িসহ ৮৬ ধরনের উগ্রবাদী প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন উপাদান ও সরঞ্জামাদি উদ্ধার করে।
এটিইউ জানায়, প্রায় ৩ বছর আগে ওই গ্রামে মো. হামিম হোসেন ওরফে ফাহিম নামে একজন ২ দশমিক ৫ একরের একটি খামার বাড়ি ৫ বছরের জন্য ভাড়া নেন। হামিম হোসেন ও তার স্ত্রী উম্মে হাফসা, গ্রেপ্তার পারভীন আক্তার ও তার স্বামী রশিদ আহম্মদ (সাংগঠনিক নাম তানভীর) মৎস্য খামারের দোতলা পাকা বাড়ির বিভিন্ন কক্ষে বসবাস করতেন। গ্রেপ্তার পারভীন আক্তারসহ তার অন্যান্য সহযোগীরা মৎস্য চাষের আড়ালে বাড়িটিকে ‘আনসার আল ইসলাম’ এর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিলেন। তারা নিজস্ব যানবাহন ব্যবহার করে সর্বোচ্চ গোপনীয়তার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
