একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আইপিআরআইসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। স্মার্ট পুলিশিং গড়ার ক্ষেত্রে আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি বলেন, আইপিআরআইসি বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করবে।
