আখ চুরির অপবাদে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে গাছের সঙ্গে বেঁধে এক শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুল করিম মাদবর (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সিয়ামকে গাছের সঙ্গে দঁড়ি দিয়ে হাত বেঁধে মারধর করে ওই গ্রামের আব্দুল করিম মাদবর। সিয়াম একই উপজেলার সোনারং গ্রামের টুকু সরদারের ছেলে।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, সিয়াম নিতিরা গ্রামের নানা মন্নান শেখের বাড়িতে থাকে। সম্প্রতি ওই গ্রামের আব্দুল করিম মাদবরের জমি থেকে আখ চুরি হয়। ওই চুরির অপবাদ দিয়ে সিয়ামকে ধরে নিয়ে গাছের সঙ্গে হাত বেঁধে লাঠি দ্বারা মারধর করা হয়। ডা. মো. আলমগীর সরদার বলেন, সিয়াম আখ চুরির সঙ্গে জড়িত নয়।
