নাটোরের বড়াইগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা আশিক সরকারকে (২২) নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার চান্দাই বাজারে জোনাইল-রাজাপুর সড়কে এ মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনকালে নিহত আশিকের বাবা মিরন সরকার, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ইয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, শিক্ষক আবুল কালাম, শেখ বাবলু ও মোসাদ্দেক মোল্লা, ছাত্রলীগ নেতা আবু সিয়াম ও শাহরিয়ার হোসেন লিংকন বক্তব্য দেন। মানববন্ধনে সন্তানের খুনিদের বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন আশিকের বাবা মিরন সরকার ও মা আবেদা সুলতানা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ জুন চান্দাই গ্রামের মিরন সরকার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে চান্দাই করিম খাঁর মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ সাহেব আলীসহ অন্যরা পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে ছেলে আশিক সরকার এগিয়ে গেলে তারা তাকেও পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুন আশিক মারা যান। বক্তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
