নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক লীগের কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাঁচপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আট থেকে ১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সভাপতি আব্দুল মান্নান বলেন, কাঁচপুর পূর্ব বেহাকৈর এলাকার জিয়াউর রহমান জিয়া (৩৬) ও তার বোন জহুরা বেগমের (৪০) নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন এলাকায় জুয়া, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় জিয়াউর রহমান জিয়া ও তার বোন জহুরা বেগমের নেতৃত্বে বাবুল (৪৫), রানা (৩০), নূর মোহাম্মদ (৪৫) সহ অজ্ঞাত আট থেকে ১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালায়।
