চেয়ারম্যান নৌকার ফরিদ ওয়েবসাইটে লাঙ্গলের বাবুল!

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:১৩ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনের আড়াই বছর পর শপথ নিয়ে পরিষদ চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদ মিয়া। মামলা জটিলতায় দীর্ঘ সময় পর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি শপথ গ্রহণ করলেও পরিষদের ওয়েবসাইটে (সরকারের জাতীয় তথ্য বাতায়ন) এখনো চেয়ারম্যান হিসেবে নাম, ছবি ও মোবাইল ফোন নম্বর আছে লাঙ্গল প্রতীকের মো. সাইদুল ইসলাম বাবুলের।

নৌকার চেয়ারম্যান মো. ফরিদ মিয়ার শপথগ্রহণের দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হালনাগাদ হয়নি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট। এতে এলাকার বাইরে থাকা অনেক সেবাপ্রার্থী পড়ছেন বিড়ম্বনায়। ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করা এই ইউনিয়নের মানুষের সেবাদান। তাদের দাবি, অতি দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করে দায়িত্বরত চেয়ারম্যানের নাম ও মোবাইল ফোন নম্বর অন্তর্ভুক্তের। গতকাল শনিবারও মাইজবাগ ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ঢুকে সেখানে পরিষদের চেয়ারম্যান হিসেবে সাইদুল ইসলাম বাবুলের নাম, ছবি ও মোবাইল ফোন নম্বর দেখা যায়। কিন্তু মামলার রায়ের পর শপথগ্রহণ করে বর্তমানে পরিষদের দায়িত্ব পালন করছেন মো. ফরিদ মিয়া। ওয়েবসাইটটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন হয়। নির্বাচনে মাইজবাগ ইউপিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম বাবুলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ভোটগ্রহণে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ওই বছরের ২৯ মার্চ মো. ফরিদ মিয়া জেলা নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে ট্রাইব্যুনাল ওই ইউপির ভোট পুনর্গণনার নির্দেশ দেয়। ভোট পুনর্গণনা করা হলে লাঙ্গলের প্রার্থীর চেয়ে নৌকার প্রার্থী ২৬৬ ভোট বেশি পান। তাতে মামলার রায় ফরিদ মিয়ার পক্ষে আসে। যারই ধারাবাহিকতায় নির্বাচনের আড়াই বছর পর চলতি বছরের ১৫ মে তিনি শপথ গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত