পাপুয়া নিউ গিনির জ্বালানিমন্ত্রী জিমি মালাদিনাকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে মারধর করার অভিযোগে গত শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিমি মালাদিনা দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বিবিসি বলছে, মালাদিনাকে বৃহস্পতিবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিডনির আদালত। আদালতের নথিতে ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। এদিকে সততা এবং স্বচ্ছতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ৫৮ বছর বয়সী ওই মন্ত্রী। পুলিশ বলেছে, মারধরের ঘটনার পর তাদের বন্ডির কাছে একটি ঠিকানায় ডাকা হয়। পরে তারা সেখানে ‘মুখের আঘাতসহ ৩১ বছর বয়সী এক নারীকে’ খুঁজে পায়। পরে পুলিশ ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছে। ওই নারী জানিয়েছেন জিমি মালাদিনা তার মুখে আঘাত করেছেন। পাপুয়া নিউ গিনির প্রাকৃতিক গ্যাসের বিশাল এবং অব্যবহৃত মজুদ মূল্যবান খনিজ পদার্থসমূহ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে যথেষ্ট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।
