আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা আদালত। ঘটনা ঘটেছে আদালতে। রাজপথে আন্দোলন করে, এটার নিরসন হবে না। এভাবে আন্দোলন করলে এক পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নে এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, ‘আমি গতকালও (সোমবার) বলেছি, তারা (কোটাবিরোধী আন্দোলনকারীরা) যদি এই মামলার পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেন, তাহলে আপিল বিভাগ সব পক্ষের কথা শুনবেন এবং সব পক্ষের বক্তব্য শুনে আপিল বিভাগ একটা ন্যায়বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে।’
তিনি আরও বলেন, ‘আমি যতদূর জেনেছি, হাইকোর্ট বিভাগে এই মামলা চলাকালীন কোটাবিরোধীরা তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি। তাদের বক্তব্য সেখানে দেননি। তারপর মামলার রায় হয়ে গেছে। মামলাটা এখন আপিল বিভাগে।’
আইন ও বিচার মন্ত্রী বলেন, ‘আমি এখন শুনলাম যে তারা (কোটাবিরোধী আন্দোলনকারী) আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আগামীকাল বুধবার বোধহয় শুনানি হবে। সেক্ষেত্রে আমি তো মনে করছি তারা সঠিক পথে হাঁটছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। এখন তারা তাদের বক্তব্য আদালতে দেবেন। আশা করব যেহেতু আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্দোলন প্রত্যাহার করবেন।’
কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থান প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন, এখন সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই। কোটার ইস্যুটা এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে। সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নেবেন।’
স্টারমারকে যে বিষয়ে সতর্ক করলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ঢাবি সাদা দলের উদ্বেগ 