আগারগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:৫০ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মোরসালিন আলী মীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ইমন মিয়া নামে এক যুবক জানান, মোটরসাইকেলে করে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের দিক থেকে শ্যামলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটির পিছনে বসা ছিলেন তিনি। তখন উল্টো পথ থেকে আসা একটি রিকশার সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান মোটরসাইকেল চালকসহ দুজনই। তখন পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন মোরসালিন। পথচারীদের সহযোগিতায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় মোরসালিন পথচারীর কাছে তার পরিবারের ফোন নাম্বার বলতে পেরেছেন। সেই নাম্বারে যোগাযোগ করে জানা যায়, তার বাবার নাম আফতাব আলী মীর। বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়।

ফোনে তার বাবা জানান, স্ত্রী নিয়ে মোরসালিন গাজীপুরের টঙ্গীতে থাকেন। সেখানে তিনি একটি কোম্পানিতে আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। এক ছেলে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। মোরসালিন মাঝেমাঝেই বিভিন্ন শুটিংয়ের কাজে গাজীপুর থেকে ঢাকায় আসতেন বলে জানান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকেই মোটরসাইকেলচালক কৌশলে পালিয়ে গেছেন। মোরসালিনের সঙ্গে থাকা তার ব্যবহৃত ফোনটিও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত